প্রিন্ট এর তারিখঃ Jul 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 11, 2026 ইং
আমানতের টাকা ফেরতের দাবিতে নওগাঁয় সমতা নেসডোর গ্রাহকদের মানববন্ধন

মোঃ রাফি হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর সদর উপজেলার সমতা নেসডো (NESDO) হেড অফিসের সামনে আমানতের অর্থ দ্রুত ফেরতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির ক্ষতিগ্রস্ত গ্রাহকরা।
শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে অনুষ্ঠিত এ মানববন্ধনে নারী-পুরুষসহ বিপুল সংখ্যক আমানতকারী অংশ নেন। এ সময় তারা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তাদের জমানো অর্থ দ্রুত ফেরত দেওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের কষ্টার্জিত সঞ্চয়ের অর্থ আটকে রয়েছে। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করেও তারা সন্তোষজনক কোনো সমাধান পাননি। ফলে তারা মানববন্ধনের মাধ্যমে দ্রুত আমানতের টাকা ফেরত এবং বিষয়টি সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
বক্তারা বলেন, অনেক পরিবার তাদের সঞ্চিত অর্থ ফেরত না পাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছে। কেউ চিকিৎসা, কেউ সন্তানের লেখাপড়া, আবার কেউ দৈনন্দিন সংসার পরিচালনায় সমস্যার মুখোমুখি হচ্ছেন। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত আমানত ফেরতের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধন শেষে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ারও ইঙ্গিত দেন আন্দোলনকারীরা।
স্থান: সমতা, নেসডো হেড অফিস, খলিশাকুড়ি, নওগাঁ সদর তারিখ: ১১ জুলাই ২০২৬
আয়োজক: সমতা নেসডোর আমানতকারীরা
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪